ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বাহিনীটি ঘোষণা করেছে যে, শত্রুর চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত এই অভিযান অবিরাম চলবে। ইতিমধ্যে তেল আবিব, আবুধাবি, কুয়েত ও বাহরাইনে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিধি আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি স্থাপনায় সরাসরি আঘাত হেনেছে ইরানের এলিট ফোর্স আইআরজিসি। এক বিশেষ বিবৃতিতে তারা জানিয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন ও ইসরায়েলি সব সামরিক সম্পদ এখন ইরানের বৈধ লক্ষ্যবস্তু। শত্রুরা পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত এই আক্রমণাত্মক অভিযান থেকে পিছু হটবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বাহিনীটি।
এদিকে আল-জাজিরা ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের রাজধানী তেল আবিবে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কুয়েতে সাইরেন বাজিয়ে নাগরিকদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য জরুরি বার্তা জারি করেছে। ধারণা করা হচ্ছে, বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের ঘাঁটি লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।
আইআরজিসি-র এই কঠোর অবস্থানের পর পুরো মধ্যপ্রাচ্য এখন এক অনিয়ন্ত্রিত ও ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। বিভিন্ন দেশের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উড়ে যাওয়ার খবরে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সম্প্রদায় কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে কি না, তা নিয়ে এখন গভীর সংশয় দেখা দিয়েছে।