স্পেনের কর্দোবায় দুটি দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। রোববার সন্ধ্যায় মালাগা থেকে মাদ্রিদগামী একটি ট্রেনের পেছনের অংশ লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রেনকে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত ৭৫ জনের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
স্পেনিশ রেল কর্তৃপক্ষ 'আদিফ' জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মালাগা থেকে আসা ট্রেনের শেষ অংশটি লাইনচ্যুত হয়ে মাদ্রিদ-হুয়েলভাগামী ট্রেনের ওপর আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের ভয়াবহতায় ট্রেনের বগিগুলো দুমড়ে-মুচড়ে কয়েক মিটার নিচে পড়ে যায়। ঘটনার আকস্মিকতায় ট্রেনের ভেতরে থাকা সাংবাদিক সালভাদোর হিমেনেস একে 'ভূমিকম্পের মতো অনুভূত' হওয়া এক ভয়াবহ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন।
পরিবহনমন্ত্রী ওস্কার পুয়েন্তে এই ঘটনাকে ‘অস্বাভাবিক’ বলে উল্লেখ করেছেন। কারণ, দুর্ঘটনাটি সমতল এবং নতুন সংস্কার করা লাইনে ঘটেছে। উচ্চগতির রেল নেটওয়ার্কের জন্য পরিচিত স্পেনে এমন দুর্ঘটনা বিরল। বর্তমানে মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রেড ক্রস ও সিভিল গার্ড সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এক মাসের মতো সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।