ইরান ও মার্কিন সংঘাতের জেরে উত্তপ্ত হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করছে জাতিসংঘ।
শনিবার (২৮ মার্চ) জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, আন্ডার-সেক্রেটারি-জেনারেল হোর্হে মোরেইরা দা সিল্ভার নেতৃত্বে এই টিম কাজ করবে। বিশ্বজুড়ে সম্ভাব্য খাদ্য ও মানবিক সংকট এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জাতিসংঘের মতে, ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সার সরবরাহ বিঘ্নিত হওয়া ও জ্বালানির দাম বাড়ার ফলে বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকট তৈরি হতে পারে। বিশেষ করে এই সংঘাত জুন পর্যন্ত চললে কয়েক কোটি মানুষ তীব্র ক্ষুধার সম্মুখীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ইউক্রেনের 'ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ'-এর আদলে নতুন এই মেকানিজম তৈরি করা হচ্ছে।
মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত এই টাস্ক ফোর্সের কার্যক্রম শুরু করা হবে। বিশেষজ্ঞদের আশঙ্কা, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্য প্রবাহ বাধাগ্রস্ত হলে আমদানিনির্ভর দেশগুলোতে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হতে পারে। তাই আন্তর্জাতিক সমুদ্রসীমায় নিরাপত্তা ও পণ্য সরবরাহ নিশ্চিত করতে সদস্য দেশগুলোর সক্রিয় সমর্থন চেয়েছে জাতিসংঘ।