ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে অবতরণ করেছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে পৌঁছায়। এর আগে, এদিন দুপুরে এভারকেয়ার হাসপাতাল থেকে তাঁকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।
উন্নত চিকিৎসার জন্য ঢাকা এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা তাঁর সংকটাপন্ন অবস্থা বিবেচনা করেই এই দীর্ঘ সফরের অনুমোদন দেন। হাদির সঙ্গে তাঁর ভাই ওমর বিন হাদি এবং রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল সিঙ্গাপুর গেছেন।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
হাদির উন্নত চিকিৎসার জন্য সরকার রাষ্ট্রীয়ভাবে খরচের দায়িত্ব নেওয়ার পর সোমবার দ্রুত তাঁর সিঙ্গাপুর স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। এদিন বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়। এরপর দুপুর দেড়টার দিকে ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে নেওয়া হয় এবং এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়। প্রায় চার ঘণ্টা উড্ডয়নের পর তিনি সিঙ্গাপুরে পৌঁছান।
বর্তমানে তাঁর শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।