দেশের শীর্ষ গণমাধ্যম দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মানববন্ধন করেছেন সর্বস্তরের সাংবাদিকরা। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর সামনে এই কর্মসূচি থেকে হামলায় জড়িত সবাইকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মানববন্ধনে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা, নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার প্রতিবাদ জানানোর পাশাপাশি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও প্রশাসনিক কর্মকর্তা সোলায়মান হোসাইনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
গত বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী আক্রমণ হয়। হামলাকারীরা ভাঙচুর লুটপাটের পাশাপাশি সংবাদপত্র দুটির ভবন আগুনে পুড়িয়ে দেয়। গণমাধ্যম প্রতিষ্ঠানে এমন হামলায় দেশে ও বিদেশে নিন্দার ঝড় বইছে।

মানববন্ধনে প্রথম আলো ও ডেইলি স্টারের হামলায় জড়িত সবাইকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে গণমাধ্যমের সামনে উপস্থাপনের দাবি জানান ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে যারা হামলা করেছে, অগ্নিসংযোগ করেছে, এর উদ্দেশ্য ছিল এখানে যাঁরা কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিকেরা ছিলেন তাঁদের পুড়িয়ে হত্যা করার একটা নীলনকশা। এর কারণ ছিল শহীদ হাদির (শরিফ ওসমান হাদি) হত্যার যে বিষয়টি, সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার।
১৭ বছর ধরে সাংবাদিকেরা নির্যাতনের শিকার হচ্ছেন, অভিযোগ করে আবু সালেহ বলেন, ভয়ের সংস্কৃতির কারণে তখন অনেকে প্রতিবাদ করতে পারেননি। আমরা সে সময়ও সবকিছু উপেক্ষা করে অধিকার আদায়ে রাজপথে নেমেছি, প্রতিবাদ করেছি, আজও আমরা রাস্তায় দাঁড়িয়েছি। ভবিষ্যতেও প্রয়োজনে রাস্তায় থাকব।
ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও প্রশাসনিক কর্মকর্তা সোলায়মান হোসাইনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান ডিআরইউ সভাপতি। দাবি মানা না হলে নতুন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম মানববন্ধনে বলেন, গণমাধ্যমের ওপর হামলার ধারাবাহিক ইতিহাস রয়েছে। অতীতে এসব ঘটনার বিচার না হওয়ায় আজ আবারও একই ধরনের হামলার ঘটনা ঘটেছে।

ডিআরইউ সিনিয়র সদস্য ও প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন মাসুম বলেন, সাম্প্রতিক হামলাগুলো ছিল পূর্বপরিকল্পিত। আগে মুখ ঢেকে হামলা করা হতো। এখন প্রকাশ্যে মুখ দেখিয়ে হামলা হচ্ছে। কারণ, হামলাকারীরা জানে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন ডিআরইউর সাবেক সভাপতি শফিকুল কবির, সহসভাপতি মেহেদী আজাদ, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, সংস্কৃতিবিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি গাজী আনোয়ার, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, সদস্য মাহফুজ সাদী, মাজহারুল ইসলাম, সিনিয়র সদস্য মুহসিন মল্লিক, সাবেক নারীবিষয়ক সম্পাদক রোজিনা রোজি, সদস্য নাজনীন আখতার, নজরুল ইসলাম, ডিএম আমিরুল ইসলাম প্রমুখ।