দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৬টি জাহাজ থেকে তেল ও গ্যাস খালাস শুরু হয়েছে।
বুধবার (১১ মার্চ) এক ব্রিফিংয়ে বন্দর কর্তৃপক্ষের হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ এই তথ্য নিশ্চিত করেন। এছাড়া এলপিজি, এলএনজি ও জ্বালানি তেল নিয়ে আরও ৪টি জাহাজ বর্তমানে বাংলাদেশের পথে রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে অবস্থানরত ৬টি জাহাজ থেকে দ্রুততম সময়ে জ্বালানি খালাস করা হচ্ছে। অপেক্ষায় থাকা ৪টি জাহাজের মধ্যে একটি আজই বন্দরে পৌঁছাবে এবং বাকি তিনটি আগামী ১২ ও ১৪ মার্চের মধ্যে জলসীমায় প্রবেশ করবে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এসব জাহাজকে 'অগ্রাধিকার বার্থিং' বা দ্রুত নোঙরের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।
বহির্নোঙরে থাকা বড় মাদার ভেসেলগুলোর নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বন্দর কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মাঝে এই জাহাজগুলোর আগমন দেশের শিল্প ও বিদ্যুৎ খাতের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।