ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নওপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়া প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের সহকারী ঘটনাস্থলেই প্রাণ হারান। ট্রাকচালককে গুরুতর অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসের অন্তত ২৫ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ১০-১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ৮-১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পর পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আকতার হোসেন জানান, আহতদের মধ্যে আটজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারে কাজ চলছে।