ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় এক যাত্রীর লাগেজ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে অ্যাভিয়েশন সিকিউরিটি (অ্যাভসেক) বিভাগ তল্লাশির সময় ১ হাজার ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করে। ইয়াবাসহ আটক যাত্রী মো. সামির মালদ্বীপের উদ্দেশে যাচ্ছিলেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিতে তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, আটক যাত্রী মো. সামির ঢাকা থেকে কুয়ালালামপুর হয়ে মালদ্বীপগামী ছিলেন। রাতে চেক-ইন সম্পন্ন করার সময় অ্যাভসেক বিভাগের দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তাঁর লাগেজে থাকা নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটগুলো শনাক্ত ও উদ্ধার করেন।
পরে তাৎক্ষণিকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়। কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাত্রীকে আটক ও হেফাজতে নেয়। বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর সতর্কতা ও পেশাদারিত্বের কারণেই মাদক চোরাচালানের এই গুরুতর প্রচেষ্টা ব্যর্থ হলো বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।