মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হন। স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি সংসদ পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচনের বিষয়টি সামনে আনেন সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, স্পিকার পদের জন্য একমাত্র মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের মনোনয়নপত্রটিই জমা পড়েছে। এই দায়িত্ব পালনে তিনি সম্মতি প্রকাশ করলে সংসদ সদস্য নুরুল ইসলাম তার নাম প্রস্তাব করেন এবং সংসদ সদস্য রকিবুল ইসলাম তা সমর্থন করেন।
প্রস্তাবটি অধিবেশনে কণ্ঠভোটে দেওয়া হলে উপস্থিত সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে তা পাস হয়। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য ও অভিজ্ঞ সংসদ সদস্য স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানান সংসদ নেতা ও বিরোধী দলীয় সদস্যরা। মুক্তিযুদ্ধ ও রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন মেজর হাফিজের নেতৃত্বে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।