হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসি'র (ADC) পাঁচ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।
পাওনা পরিশোধ না করার অভিযোগে দায়ের করা একটি মামলায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এই আদেশ দেওয়া হয়। নিষেধাজ্ঞাপ্রাপ্ত পাঁচ কর্মকর্তার মধ্যে দক্ষিণ কোরিয়ার তিনজনের বিরুদ্ধে ইতোমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া কর্মকর্তারা হলেন— দক্ষিণ কোরিয়ার নাগরিক কিউংজু কাং, ইয়ংকওয়ান চোই, জুয়োক ইয়াং, হিসোক কিম এবং বাংলাদেশি কর্মকর্তা সায়েম চৌধুরী।
প্লিয়াডিস কনস্ট্রাকশন অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জুবায়ের আখতার চৌধুরী গত বছর ঢাকা মহানগর আদালতে এই মামলাটি দায়ের করেন। তাঁর দাবি, এডিসি তাদের প্রতিষ্ঠানকে সাব-কন্ট্রাক্টে কাজ করালেও চুক্তিমতো পাওনা প্রায় ৯০ কোটি টাকা পরিশোধ করেনি।
জুবায়ের আখতার চৌধুরী বলেন, বৃহস্পতিবার আসামিদের আদালতে হাজির হওয়ার দিন থাকলেও তাঁরা আসেননি। এর পরিপ্রেক্ষিতে আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
মামলার তদন্তকারী সংস্থা পিবিআইয়ের এসআই সৌরভ দে সরকার জানান, পরোয়ানাভুক্ত দক্ষিণ কোরিয়ার তিন কর্মকর্তা এখনও জামিন নেননি এবং তাঁরা আত্মগোপনে রয়েছেন। পিবিআই এর আগে আদালতে জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেছিল যে, পাওনা অর্থ আটকে রেখে বিদেশি কর্মকর্তারা বিদেশে প্রকল্প সংক্রান্ত বৈঠক চালিয়ে যাচ্ছেন।