দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সচিবালয়ে ঢাকার দুই সিটিসহ ৬টি সিটি করপোরেশনের নতুন প্রশাসকদের যোগদান অনুষ্ঠানে তিনি জানান, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি নির্বাচন আয়োজন করা হবে। তবে ভবিষ্যতে এই নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না, তা জাতীয় সংসদে নির্ধারিত হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন নবনিযুক্ত প্রশাসকরা। এ সময় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে অকার্যকর থাকা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সক্রিয় করা হচ্ছে। পৌরসভাগুলোতে আপাতত কোনো রাজনৈতিক প্রশাসক নিয়োগের পরিকল্পনা সরকারের নেই বলেও তিনি স্পষ্ট করেন। অনুষ্ঠানে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
এদিকে দায়িত্ব নেওয়ার পর নতুন প্রশাসকরা জানান, মশা নিধন, যানজট নিরসন এবং রাস্তাঘাট মেরামতের পাশাপাশি দুর্নীতিরোধে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন। অগ্রাধিকার ভিত্তিতে জনসেবা নিশ্চিত করাই হবে তাদের মূল লক্ষ্য।