জাতীয় নির্বাচনের ঠিক আগমুহূর্তে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তবে বিশ্ববিদ্যালয়ে যাতে প্রশাসনিক শূন্যতা তৈরি না হয়, সেজন্য নতুন নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি পদে বহাল থেকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমদ খান তাঁর পদত্যাগের কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, রাজনৈতিক শিষ্টাচার ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতেই তাঁর এই সিদ্ধান্ত। নবনির্বাচিত সরকার যাতে নিজেদের পরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নতুন করে সাজাতে পারে, সেই সুযোগ করে দিতেই তিনি সরে দাঁড়াচ্ছেন।
উপাচার্য বলেন, "আমি একটি বিশেষ পরিস্থিতিতে ছাত্রদের ভালোবাসায় এই দায়িত্ব নিয়েছিলাম। এটিকে আমি কোনো স্থায়ী চাকরি মনে করি না।" তিনি আরও স্পষ্ট করেন যে, আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র এখনো জমা দেননি। নির্বাচিত সরকার চাইলে এবং বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে আরও কিছুদিন দায়িত্ব পালন করতে তাঁর আপত্তি নেই।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৭ আগস্ট রাষ্ট্রপতি ড. নিয়াজ আহমদ খানকে ঢাবির ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ দেন। দায়িত্ব নেওয়ার মাত্র কয়েকমাসের মাথায় তাঁর এই ঘোষণা বিশ্ববিদ্যালয় অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। উপাচার্যের এই উদ্যোগকে অনেকেই 'উচ্চতর রাজনৈতিক শিষ্টাচার' হিসেবে দেখছেন।