ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় অন্তর্বর্তী সরকারের আহ্বানে আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা সারাদেশের মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন দলটির নেতাকর্মীরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের প্রতিটি পাড়া-মহল্লার মসজিদে দেশ ও জাতির শান্তি কামনায় মুসল্লিরা শামিল হন।
নির্বাচনোত্তর স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা বজায় রাখার লক্ষে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বায়তুল মোকাররমে আয়োজিত বিশেষ মোনাজাতে ইমাম সাহেব একটি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। বিএনপির নেতাকর্মীরা এদিন দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলাদাভাবে মোনাজাত করেন।
বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে বড় ধরনের কোনো সহিংসতা না হওয়া এবং ভোটারদের ব্যাপক অংশগ্রহণ একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। সাধারণ মানুষ আশা প্রকাশ করছেন, নতুন সরকার জনগণের এই রায়ের মর্যাদা দিয়ে দেশে সুশাসন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় উৎসবমুখর পরিবেশে এই ভোট উৎসব সফল হওয়ায় সাধারণ মুসল্লিদের মধ্যেও স্বস্তি দেখা গেছে।