ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে আগামী শুক্রবার সকালে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার সারা দিন ভোটগ্রহণ শেষে মাঠ পর্যায় থেকে প্রাপ্ত সব তথ্য যাচাই-বাছাই করে পরদিন এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে ইসি সানাউল্লাহ নির্বাচনের কারিগরি ও নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি তুলে ধরেন। তিনি জানান, পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন ডিজিটাল হলেও ভোট প্রদানের প্রক্রিয়াটি ম্যানুয়ালি সম্পন্ন হচ্ছে এবং প্রতিটি সংসদীয় আসনে এই ভোট আলাদাভাবে গণনা করা হবে। কেবল ভোটের দিন বিকেল ৪টার মধ্যে ডাকযোগে পৌঁছানো ব্যালটগুলোই গণনায় নেওয়া হবে। নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন যে, গণঅভ্যুত্থানের পর উদ্ধার হওয়া ৯ শতাধিক অস্ত্রসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।
ভোটকেন্দ্রগুলোতে তিন স্তরের নিরাপত্তার পাশাপাশি স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এ ছাড়া দ্বৈত নাগরিকদের ভোটাধিকার নিয়ে কোনো আইনি বাধা নেই বলে তিনি স্পষ্ট করেন, তবে প্রার্থী হতে হলে অন্য দেশের নাগরিকত্ব ছাড়তে হবে। আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।