বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বিদায়ী রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন। শনিবার সকালে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশে মার্কিন কূটনৈতিক মিশনের নতুন প্রধান হিসেবে যাত্রা শুরু করলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। গত বছরের ৩ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে মনোনীত করার পর ডিসেম্বরে মার্কিন সিনেটের চূড়ান্ত অনুমোদন পান তিনি। আজ শনিবার (১০ জানুয়ারি) শপথ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পিটার হাসের স্থলাভিষিক্ত হলেন।
শপথ নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় ক্রিস্টেনসেন জানান, পরিচিত কর্মস্থল বাংলাদেশে ফিরতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি এই দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ক্রিস্টেনসেন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং আমেরিকাকে আরও নিরাপদ ও সমৃদ্ধ করতে আমি আমাদের শক্তিশালী দলটির নেতৃত্ব দিতে উন্মুখ হয়ে আছি।
যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের এই জ্যেষ্ঠ কর্মকর্তার নিয়োগ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা ও ওয়াশিংটনের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের নির্বাচন ও উন্নয়ন অংশীদারিত্বের ক্ষেত্রে তার পূর্ব অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।