রাজনৈতিক দলগুলো নিবন্ধনের শর্ত ভঙ্গ করে নামমাত্র অঙ্গসংগঠন বিলুপ্ত করেছে, যা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যত রণক্ষেত্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
শনিবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বর্তমান শিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য এই অপরাজনীতিকে দায়ী করেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলগুলোর দ্বিমুখী আচরণের কঠোর সমালোচনা করেছেন ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আরপিও অনুযায়ী রাজনৈতিক দলগুলোর কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন থাকার কথা নয়। কিন্তু দলগুলো তাদের গঠনতন্ত্র থেকে নাম বাদ দিলেও বাস্তবে সংগঠনগুলো টিকিয়ে রেখেছে। তারা 'ভ্রাতৃপ্রতিম সংগঠন' নামে এক ধরণের রাজনৈতিক খেলা খেলছে, যা আইনের মূল উদ্দেশ্যকে ভণ্ডুল করে দিচ্ছে।
বদিউল আলম মজুমদার আক্ষেপ করে বলেন, এই অঙ্গসংগঠনগুলো দেশের উচ্চশিক্ষার পরিবেশ নষ্ট করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে সংঘর্ষের কেন্দ্রে পরিণত করেছে। ফলে আমরা আজও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারিনি।
প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, আইন অনুযায়ী তৃণমূলের প্যানেল থেকে প্রার্থী চূড়ান্ত করার কথা থাকলেও বাস্তবে তা কখনোই মানা হয় না। কেন্দ্রীয় সংসদীয় বোর্ডই সব সিদ্ধান্ত নেয়। আগামীতে আইন ও সংবিধান মেনে সুষ্ঠুভাবে প্রার্থী মনোনয়নের জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ কে এম ওয়ারেসুল করিম, সুজন কোষাধ্যক্ষ সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।