শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি প্রতিশ্রুতি দেন যে, আগামী পাঁচ বছর তিনি নিজে কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না এবং কাউকে দুর্নীতি করতেও দেবেন না।
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার ভিত্তিকে দুর্নীতিমুক্ত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শহিদ দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক সভায় তিনি বলেন, "শিক্ষা হলো রাষ্ট্র গঠনের মূল ভিত্তি। ভিত্তি দুর্বল রেখে বড় ভবন গড়ে লাভ নেই।" তিনি স্পষ্ট জানান, মন্ত্রণালয়ে স্বচ্ছতা বজায় রাখতে কঠোর নজরদারি চালানো হবে।
শিক্ষার মানোন্নয়নে প্রতিমন্ত্রী তিনটি মূল বিষয়ের ওপর গুরুত্ব দেন: কারিকুলাম, ক্লাসরুম এবং কনসিস্টেন্সি (সামঞ্জস্য)। তিনি আক্ষেপ করে বলেন, বর্তমানে দেশে বাংলা, ইংরেজি, কারিগরি ও মাদ্রাসাসহ বহু ধারার শিক্ষা ব্যবস্থা থাকলেও মানের ক্ষেত্রে বড় বৈষম্য রয়েছে। এই বৈষম্য নিরসনে সব ধারার শিক্ষার মধ্যে মানগত সমন্বয় জরুরি।
ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, ইংরেজি বা অন্য কোনো ভাষা শেখার আগে শিক্ষার্থীদের বাংলায় দক্ষ হওয়া বাধ্যতামূলক। প্রাথমিক স্তরে ভাষা ও গণিতে দুর্বলতা কাটাতে প্রয়োজনে ‘টাস্কফোর্স’ গঠনের পরিকল্পনার কথাও তিনি জানান। প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশকে ভালোবাসার প্রমাণ শুধু আন্দোলনে নয়, কর্মক্ষেত্রে সততা বজায় রেখেও দিতে হবে।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।