রাজধানীতে শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ডিএমপির এক বিবৃতিতে জানানো হয়, আহতদের মধ্যে একজন অতিরিক্ত ডিআইজিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি বলে বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে।
ডিএমপি কমিশনার জানান, আহত পুলিশ সদস্যদের মধ্যে একজন অতিরিক্ত ডিআইজি, একজন পরিদর্শক ও একজন সার্জেন্ট রয়েছেন। তাদের হাত, পা ও মাথায় আঘাত লেগেছে এবং কয়েকজনকে সেলাই দিতে হয়েছে। শুক্রবার শহীদ ওসমান হাদি হত্যার বিচার ও নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, যমুনা ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। জনশৃঙ্খলা রক্ষায় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ডিএমপির দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে ‘অসত্য ও বিভ্রান্তিকর’ তথ্য ছড়ানো হচ্ছে, যার কোনো ভিত্তি নেই।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বিক্ষোভকারীদেরও কয়েকজন সামান্য আহত হয়েছেন। তবে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি। সম্পূর্ণ নিয়মতান্ত্রিক উপায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।