দেশের ধর্মীয় ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করতে আজ দুপুরে তেজগাঁও কার্যালয়ে একটি উচ্চপর্যায়ের সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর আজই প্রথমবারের মতো নিজ কার্যালয়ে অফিস শুরু করেন তিনি। সভায় মন্ত্রিসভার সদস্য ও সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অফিস শুরুর পর তিনি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন।
এই সভায় দেশের বর্তমান সামাজিক পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। সভায় উপস্থিত মন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর দেওয়া দিকনির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।