রাজধানীর সরকারি সাত কলেজকে কেন্দ্র করে নবগঠিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র চূড়ান্ত অধ্যাদেশের গেজেট আজ প্রকাশিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এটি প্রকাশ করে। এর মাধ্যমে কলেজগুলোর দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা নিরসন এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে এক নতুন যুগের সূচনা হলো।
গত ২২ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো। নতুন এই কাঠামোর আওতায় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও তিতুমীর কলেজসহ সাতটি কলেজ এখন থেকে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হবে। তবে প্রতিষ্ঠানগুলোর নিজস্ব নাম, পরিচয় ও স্থাবর-অস্থাবর সম্পদের ওপর তাদের পূর্ণ অধিকার বজায় থাকবে।
বিশ্ববিদ্যালয়টি পরিচালনার জন্য আচার্য হিসেবে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন এবং সিনেট মনোনীত প্যানেল থেকে উপাচার্য নিয়োগ দেবেন। প্রতিটি স্কুলের নেতৃত্বে থাকবেন এক একজন ‘হেড অব স্কুল’ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সকল পরীক্ষা ও মূল্যায়ন বিশ্ববিদ্যালয়ের অভিন্ন সময়সূচি অনুযায়ী সম্পন্ন হবে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা এসব কলেজে ভর্তির সুযোগ পাবেন।
এছাড়াও নতুন অধ্যাদেশ অনুযায়ী কলেজগুলোতে এখন থেকে কেন্দ্রীয়ভাবে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম পরিচালনার বিশেষ সুযোগ রাখা হয়েছে। শিক্ষার্থীদের জন্য আবাসিক হল সুবিধা ও ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি একটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনাও গেজেটে উল্লেখ করা হয়েছে। নিজস্ব ক্যাম্পাস নির্মিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ব্যবস্থা থাকবে।