ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে ৮ হাজার ৭৭০টি ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম জানান, এই ঝুঁকি মোকাবিলায় তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারের নির্বাচনকে পুলিশের হারানো জনআস্থা ফিরিয়ে আনার বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি।
নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রভিত্তিক ফোর্স, ভ্রাম্যমাণ দল (মোবাইল টিম) এবং স্ট্রাইকিং ফোর্স—এই তিন স্তরে পুলিশ মোতায়েন থাকবে। মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এছাড়া মাঠ পর্যায়ে সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন।
আইজিপি জানান, কেন্দ্রগুলোর স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে ৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য ‘বডি ওর্ন ক্যামেরা’ এবং আকাশপথে নজরদারির জন্য ‘ড্রোন’ ব্যবহার করা হবে। ইতোমধ্যে সারাদেশে ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে বলে তিনি নিশ্চিত করেন।
তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী সহিংসতার পরিসংখ্যান তুলে ধরে আইজিপি বলেন, গত ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ৩১৭টি ছোট-বড় সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৫ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৬০৩ জন। তবে আসন্ন ভোটগ্রহণের দিন যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।