নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে হচ্ছে না হাদির জানাজা, কফিন আসবে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বলে সরকারের তরফ থেকে জানা গেছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে হাদির কফিন দেশে আনা হবে সন্ধ্যায়।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশন শুক্রবার এক ফেইসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে। তবে শনিবার (২০ ডিসেম্বর) মানিক মিয়া মিয়া অ্যাভিনিউতে তার জানাজা হবে বলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানান হয়েছে।
কথা ছিল সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় ওসমান হাদির জানাজা হবে। কিন্তু তা সম্ভব হচ্ছে না জানিয়ে হাই কমিশনের পোস্টে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না ।এই জন্য হাইকমিশন দুঃখ প্রকাশ করছে । সিঙ্গাপুর প্রবাসী ভাইদের কে সিঙ্গাপুর এর আইনের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানাচ্ছি ।
যার যার অবস্থান থেকে হাদির বিদেহী আত্মার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করার আহ্বান জানানো হয়েছে সেখানে।
বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে শহীদ ওসমান হাদিকে নিয়ে রওয়ানা করবে। ঢাকায় অবতরণ করার সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ০৫ মিনিট। এ ছাড়া বাংলাদেশে শহীদ ওসমান হাদির জানাযা শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।