দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে ৬০৪ কোটি টাকা ব্যয়ে টিকা আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই তথ্য জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে মানিকগঞ্জ ও রাজশাহীসহ প্রতিটি বিভাগীয় হাসপাতালে বিশেষ আইসিইউ ও ওয়ার্ড চালু করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, হামসহ অন্যান্য জরুরি চিকিৎসার জন্য বর্তমানে ডিএনসিসি হাসপাতালকে পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি দেশের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতে অনিয়ম রোধে অভিযান অব্যাহত থাকবে। মাঠ পর্যায়ে তদারকি জোরদার করতে স্বাস্থ্য কর্মকর্তাদের প্রতিদিন অন্তত একটি হাসপাতাল পরিদর্শনের কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।
এখন থেকে জেলা পর্যায়ের সিভিল সার্জনদের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে মনিটর করা হবে বলেও জানান মন্ত্রী। মূলত হামের সংক্রমণ রোধ এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এই বিশাল অঙ্কের টিকা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আশা করছে, দ্রুত এই টিকাদান কার্যক্রম শুরু হলে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।