ঢাকার দুই সিটিসহ দেশের ৬টি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে মন্ত্রী প্রশাসকদের জনবান্ধব সেবা নিশ্চিত করার নির্দেশ দেন এবং দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নতুন প্রশাসকদের স্বাগত জানিয়ে সততা ও স্বচ্ছতার সাথে কাজ করার আহ্বান জানান। প্রশাসকরাও নাগরিক সেবার মানোন্নয়ন এবং শহরের অবকাঠামোগত অগ্রগতিতে সর্বোচ্চ আন্তরিক থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
গত ২২ ফেব্রুয়ারি জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণে মো. আব্দুস সালাম, উত্তরে মো. শফিকুল ইসলাম খান, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুরে মো. শওকত হোসেন সরকার প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন। আজকের বৈঠকে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।