ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে রাজধানী ঢাকা।
নির্বাচনের পরদিন আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনেও রাজপথে গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। দীর্ঘ বিরতির পর বিভিন্ন শপিংমল ও মার্কেট খুলতে শুরু করেছে। পাশাপাশি সিটি করপোরেশনের উদ্যোগে রাস্তাঘাট থেকে নির্বাচনী ব্যানার ও ফেস্টুন সরানোর কাজও দ্রুতগতিতে চলছে।
শুক্রবার সকাল থেকে রাজধানীর ধানমন্ডি, নিউমার্কেট, শাহবাগ ও তেজগাঁও এলাকা ঘুরে দেখা গেছে, মানুষের চলাচল বাড়ছে। গণপরিবহন চললেও যাত্রী সংখ্যা ছিল তুলনামূলক কম। অনেক বাস পুলিশ রিকুইজিশন থেকে ছেড়ে দেওয়ায় চালকরা পুনরায় রাস্তায় নেমেছেন। ব্যবসায়ীরা জীবিকার তাগিদে দোকানপাট খুলেছেন এবং বিকেলের দিকে ক্রেতা সমাগম বাড়বে বলে আশা করছেন।
অন্যদিকে, ঢাকার দুই সিটি করপোরেশনের কর্মীরা সড়ক থেকে নির্বাচনী পোস্টার ও বিলবোর্ড অপসারণ শুরু করেছেন। সাধারণ মানুষের মধ্যে নির্বাচন পরবর্তী স্বস্তি দেখা গেছে। ভোটাররা দীর্ঘ সময় পর একটি সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে পেরে অন্তর্বর্তী সরকারের প্রশংসা করছেন। নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রধান প্রত্যাশা—অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সুন্দর ভবিষ্যৎ।