আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সোমবার (২৯ ডিসেম্বর) রংপুরে এক কর্মশালা শেষে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে জনগণের ভোটে নির্বাচিতদের হাতেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। একইসঙ্গে তিনি ময়মনসিংহে গণপিটুনিতে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন।
রংপুর জেলা প্রশাসনের হলরুমে একটি কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন।
ধর্ম উপদেষ্টা জানান, জাতি এখন নির্বাচনের আবহে প্রবেশ করেছে। ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সরকার বদ্ধপরিকর এবং মাঠ প্রশাসনকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, "জনগণের ম্যান্ডেট পাওয়া প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা আমাদের আগের ঠিকানায় ফিরে যাব—এটাই আমাদের অঙ্গীকার।" নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
ময়মনসিংহে দীপু হত্যার ঘটনাকে 'অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়' উল্লেখ করে উপদেষ্টা বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ কারও নেই। ধর্ম অবমাননার অভিযোগ থাকলেও বিচার হবে প্রচলিত আইনে, পিটিয়ে বা পুড়িয়ে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্ট করে বলেন, যারা এই জঘন্য হত্যাকাণ্ডে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
উপদেষ্টা আরও বলেন, ধর্ম শান্তি ও সহনশীলতার শিক্ষা দেয়, সহিংসতা নয়। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার প্রসার জরুরি।
অনুষ্ঠানে হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা সামাজিক সহিংসতা রোধে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।