রাজধানীর কারওয়ান বাজার এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবুল কালাম আজাদকে প্লট বরাদ্দ দেওয়ার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি কাজী এবাদত হোসেন এবং বিচারপতি মো. নুরুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এই রায়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ন্যায়বিচার পেলেন বলে মন্তব্য করেছেন রিট আবেদনকারীর আইনজীবী।
রিট আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট মো. নাদির খান জানান, আবুল কালাম আজাদ ১৯৬৮ সাল থেকে কারওয়ান বাজারে ব্যবসা পরিচালনা করতেন। রাজউক (তৎকালীন ডিআইটি) যখন সেখানে বহুতল মার্কেট নির্মাণের প্রকল্প হাতে নেয়, তখন ক্ষতিগ্রস্ত হিসেবে তাঁকে একটি দোকান বরাদ্দ দেওয়া হয়েছিল।
পরে বরাদ্দ না পাওয়ায় পূর্ত মন্ত্রণালয় থেকে বাড্ডা পুনর্বাসন এলাকায় বিকল্প প্লট দেওয়ার সিদ্ধান্ত হয় এবং রাজউককে সে ব্যবস্থা নিতে বলা হয়। রিট আবেদনকারী নির্ধারিত পদ্ধতিতে আবেদন ও ফি জমা দিলেও রাজউক প্লট বরাদ্দে কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে ২০১৫ সালে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।
বৃহস্পতিবার হাইকোর্ট রুল নিষ্পত্তি করে রাজউককে এই আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, রাজউককে রায় প্রাপ্তির ৬ মাসের মধ্যে প্লট বরাদ্দের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অ্যাডভোকেট নাদির খান আরও বলেন, এই রায় আইন অঙ্গনে একটি অনন্য নজির স্থাপন করল।