আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা করাই এই সংলাপের মূল উদ্দেশ্য। কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন দুটি সেশনে মোট ১২টি দলের প্রতিনিধি সংলাপে অংশ নেবেন।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা রবিবার (৯ নভেম্বর) এই তথ্য জানিয়েছে। নির্বাচনে প্রস্তুতি এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে দলগুলোর মতামত ও সুপারিশ শুনবে কমিশন।
প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচন কমিশন প্রতিদিন দুটি সেশনে কাজ করবে এবং প্রতিটি সেশনে ছয়টি করে মোট বারোটি রাজনৈতিক দলের প্রতিনিধিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে। ইসি সবশেষে বিএনপি এবং জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপে বসবে। এর আগে নির্বাচন কমিশন শিক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে।
এই সংলাপে জাতীয় পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টি, জাকের পার্টি, তরিকত ফেডারেশন, সাম্যবাদী দল, ন্যাশনাল আওয়ামী পার্টিসহ ১৪ দলীয় জোটের কাউকে আমন্ত্রণ জানানো হবে না বলে জানিয়েছে সংস্থাটি।