নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল শুনানিতে আজ সোমবার (১২ জানুয়ারী) তৃতীয় দিনে ৪১ জনের প্রার্থীতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনিয়ে ৩ দিনে মোট ১৫১টি আপিল মঞ্জুর হয়েছে বলে জানিয়েছে ইসি।
সোমবার সকাল ১০ টায় সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে গতকালের স্থগিত ১ টিসহ মোট ৭০ টি আবেদনের শুনানী করে ইসি।
শুনানী শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আজ সোমবার শুনানীতে ৪১ জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন, আর বিভিন্ন ত্রুটি বিচ্যুতির কারণে ২৫ জনের মনোনয়ন বাতিল করা হয় এবং ৪ টি আপিল স্থগিত করা হয়েছে। এছাড়া পাবনা-২ আসনের আপিলের শুনানি হয়নি বলেও ইসি সচিব জানিয়েছেন।
সব মিলে গত তিনদিনে আপিলের শুনানি শেষে মোট ১৫০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া অন্যের করা আপিলে গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া -১ এর আকরামুজ্জামানের প্রার্থীতা বাতিল হয়ে যায়।
এরআগে গতকাল রবিবার ৫৮টি আপিল আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন। অপর ৭টি আবেদন না-মঞ্জুর হয় এবং ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়।
শনিবার প্রথম দিনে ৭০টি আপিলের মধ্যে অনুমোদিত বা মঞ্জুর করা হয়েছে ৫২টি আপিল, নামঞ্জুর করা হয়েছে ১৫টি আপিল।
এর মধ্যে একজন প্রার্থীর ( আকরামুজ্জামান) প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুর হয়।
আজ সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) সকাল ১০টা থেকে আপিলের শুনানি শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫ টা পর্যন্ত আপিল শুনানি চলে।
ইসি’র পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা রুহুল আমিন মল্লিক জানান, গত শনিবার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।
আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে।
গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন।