জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হওয়ার জেরে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) পদত্যাগের হিড়িক পড়েছে। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলেন মজলুম জননেতা মওলানা ভাসানীর নাতি ও দলটির কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী আজাদ খান ভাসানী।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে আদর্শিক পার্থক্যের কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দলটির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের নেতৃত্বে ১২ দলীয় জোট গঠনের পর থেকেই এনসিপির অভ্যন্তরে অস্থিরতা শুরু হয়েছে। জোট ঘোষণার প্রতিবাদে এর আগে বেশ কয়েকজন পদধারী নেতা দল ছেড়েছেন। এবার সেই পথেই হাঁটলেন এনসিপির প্রভাবশালী নেতা আজাদ খান ভাসানী।
পদত্যাগের ঘোষণা দিয়ে নিজের ফেসবুক প্রোফাইলে একটি দীর্ঘ পোস্ট দেন আজাদ খান। সেখানে তিনি উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা এবং মওলানা ভাসানীর দেখানো বৈষম্যবিরোধী রাজনীতির স্বপ্ন নিয়ে তিনি এনসিপিতে যুক্ত হয়েছিলেন। তবে বাস্তব অভিজ্ঞতায় তিনি লক্ষ্য করেছেন, দলটির মধ্যে গণমানুষের প্রতি দায়বদ্ধতা এবং ত্যাগের ঘাটতি রয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার ক্ষেত্রেও দলটি প্রত্যাশিত সাফল্য দেখাতে পারেনি।
আজাদ খান ভাসানী তার পোস্টে আরও জানান, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের ঐতিহাসিক দায়বদ্ধতা পালনই তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থান ও জোটের প্রেক্ষাপটে নিজের আদর্শের প্রতি অবিচল থাকতেই তিনি আনুষ্ঠানিক সম্পর্কচ্ছেদের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "বেশ কিছুদিন ধরে আমি দলের কার্যক্রম পর্যবেক্ষণ করছিলাম। অনেক ভেবেচিন্তে আদর্শিক জায়গা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি। তবে তারুণ্যের এই দলটির প্রতি আমার শুভকামনা থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের ৬ সেপ্টেম্বর তাকে এনসিপির কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার এই আকস্মিক পদত্যাগে দলের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।