নিজস্ব প্রতিবেদক: কতিপয় আসনের বিনিময়ের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বাধাকে দলের মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রবিবার(২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, ২৮ ডিসেম্বর ২০২৫ বিকাল সাড়ে পাঁচটায় জামায়াতে ইসলামীর প্রেস কনফারেন্স থেকে জানতে পারলাম এনসিপি আনুষ্ঠানিকভাবে জামায়াতের সাথে জোটবদ্ধ হয়েছে। গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশের দিন জোটের মুখপাত্র ও এনসিপির আহবায়কের বক্তব্য অনুযায়ী তা হওয়ার কথা নয়।
এমনকি তিন দলের একটি দল রাষ্ট্র সংস্কার আন্দোলন ইতিমধ্যে তাদের সাথে চুক্তিভঙ্গের কথা উল্লেখ করেছেন এমনকি আনুষ্ঠানিকভাবে না জানিয়ে আসন সমঝোতার দিকে গেছে এনসিপি তাও উল্লেখ করেছেন।
তৃতীয় শক্তি তৈরির উদ্যোগকে ব্যাহত করে এমন অবস্থান জাতীয় নাগরিক পার্টির মূলধারাকে ক্ষতিগ্রস্ত করছে। আমি এনসিপির এতদিনের সকল বক্তব্যকে ধারণ করি, স্বাগত জানাই।
আমি পদত্যাগ করার কোন যৌক্তিকতা দেখছি না যেহেতু আমি এনসিপির আনুষ্ঠানিক সকল বয়ান সাবস্ক্রাইব করি। কেউ কেউ বিচ্যুত হলেও দল হিসেবে এনসিপি সঠিক অবস্থানেই ছিলো।