বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা।
সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি এবং জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠকে মিলিত হন তারেক রহমান ও বাম গণতান্ত্রিক জোটের নেতারা। দীর্ঘ এই বৈঠকে জুলাই আন্দোলনের পরবর্তী নতুন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের শুরুতে বাম জোটের নেতারা সেখানে রাখা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন। সাক্ষাৎকালে মুজাহিদুল ইসলাম সেলিম, শরীফ নুরুল আম্বিয়া, ডা. মুশতাক হোসেন এবং বজলুর রশীদ ফিরোজসহ জোটের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশে এক অনন্য রাজনৈতিক সুযোগ সৃষ্টি করেছে। তিনি উল্লেখ করেন, দেশের ভবিষ্যৎ উন্নয়নে সরকার ও বিরোধী দলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীলতা বজায় রাখা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ৯০ ও ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ পরিচালনার বিষয়েও বৈঠকে ঐক্যমত পোষণ করা হয়। এই আলোচনা আগামী দিনে দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।