আগামীকালকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কার্যালয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ নিয়ে দলের অবস্থান জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বক্তব্য রাখবেন।
ধারণা করা হচ্ছে, দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের আটক, তল্লাশি এবং নির্বাচনের মাঠের সমসাময়িক চ্যালেঞ্জগুলো নিয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। বিশেষ করে আজ সারা দেশে বিজিবি ও র্যাবের অভিযানে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার এবং জামায়াত নেতার আটকের ঘটনার প্রেক্ষাপটে বিএনপির এই সংবাদ সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।