দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে লড়ে জয় পেয়েছেন বিএনপির সাবেক সাত নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের ফলাফলে এই স্বতন্ত্র প্রার্থীদের জয় বিশেষ চমক সৃষ্টি করেছে। বহিষ্কৃত হওয়া সত্ত্বেও জনপ্রিয়তার জোরে তাঁরা নিজ নিজ এলাকায় জয় ছিনিয়ে এনেছেন।
বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়ী হেভিওয়েটদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা, টাঙ্গাইল-৩ আসনে সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ এবং ময়মনসিংহ-১ আসনে সালমান ওমর। এছাড়া কুমিল্লা-৭ আসনে প্রবীণ নেতা রেদোয়ান আহমদকে হারিয়ে জয়ী হয়েছেন আতিকুল আলম শাওন। দিনাজপুরে জয় পেয়েছেন এ জেড এম রেজওয়ানুল হক।
অন্যদিকে কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবুর রহমান এবং চাঁদপুর-৪ আসনে আব্দুল হান্নান স্বতন্ত্র হিসেবে জয়ী হয়ে সংসদে নিজেদের জায়গা নিশ্চিত করেছেন। বিশ্লেষকদের মতে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এই বিজয় স্থানীয় পর্যায়ে তাঁদের শক্তিশালী অবস্থানেরই প্রমাণ।