আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সাথে আসন সমঝোতার অংশ হিসেবে আরও আটটি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। এছাড়া নতুন করে দলে যোগ দেওয়া ড. রেদোয়ান আহমেদ ও ববি হাজ্জাজকেও গুরুত্বপূর্ণ দুটি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচনী সমঝোতা অনুযায়ী, শরিক দলগুলোর শীর্ষ নেতারা নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। ঘোষিত তালিকায় মাহমুদুর রহমান মান্না (বগুড়া-২), মোস্তফা জামাল হায়দার (পিরোজপুর-১), ফরিদুজ্জামান ফরহাদ (নড়াইল-২), মুফতি রশিদ বিন ওয়াক্কাস (যশোর-৫), নুরুল হক নূর (পটুয়াখালী-৩), রাশেদ খাঁন (ঝিনাইদহ-৪), সাইফুল হক (ঢাকা-১২) এবং জোনায়েদ সাকি (ব্রাহ্মণবাড়ীয়া-৬) রয়েছেন। মির্জা ফখরুল জানান, দীর্ঘ আলোচনার পর এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে দলগুলো।
পাশাপাশি, কুমিল্লা-৭ আসনে ড. রেদোয়ান আহমেদ এবং ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ বিএনপির হয়ে লড়বেন। ববি হাজ্জাজ শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন বলে জানানো হয়েছে।
ইতিপূর্বে জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেওয়া ৪টি আসনসহ শরিকদের জন্য বিএনপি এখন পর্যন্ত মোট ১২টি আসন বরাদ্দ করেছে। বিএনপি দলীয়ভাবে এখন পর্যন্ত ২৭৪টি আসনে প্রার্থী চূড়ান্ত করল, বাকি ১৪টি আসনের বিষয়ে আলোচনা চলছে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।