কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাজারে যাওয়ার পথে পিকআপভ্যান উল্টে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে জিরোপয়েন্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়ার একটি মাজারে যাচ্ছিলেন।
কিশোরগঞ্জের হাওর জনপদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মিঠামইনের ঘাগড়া এলাকা থেকে ১৫ জন যাত্রী নিয়ে একটি পিকআপভ্যান ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথে অষ্টগ্রাম উপজেলার জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাদিস মিয়া (৫০) ও নূর আলম (৪৫) নামের দুজনকে মৃত ঘোষণা করেন। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান জানান, আহত ১০ জনের মধ্যে ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাকি ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করেছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।