নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি নবনির্মিত অবৈধ এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ১০টি বসতবাড়ি এবং পর্যটকদের ব্যবহৃত ২০-২৫টি জিপ গাড়ি ভস্মীভূত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দীর্ঘ ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজারের পর্যটন জোন কলাতলী এলাকায় এন আলম ফিলিং স্টেশনে গ্যাস লিকেজ থেকে ঘটা এক বিস্ফোরণে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে পাম্পটি থেকে গ্যাস ছড়িয়ে পড়তে শুরু করে। প্রায় তিন ঘণ্টা ধরে আতঙ্ক ছড়ানোর পর রাত ১০টা ২০ মিনিটের দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পাম্প সংলগ্ন আদর্শগ্রাম ও চন্দ্রিমা হাউজিং এলাকার অন্তত ১০টি বাড়ি এবং রাস্তার পাশে থাকা দুই ডজন পর্যটকবাহী গাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
আহতদের মধ্যে ৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থা সংকটাপন্ন হওয়ায় ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ জানিয়েছেন, পাম্পটির কোনো বৈধ অনুমোদন ছিল না। গ্যাস লিকেজ হওয়ার পরও যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। প্রায় ১৪ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন গ্যাস ট্যাংকের গ্যাস সম্পূর্ণ নিঃশেষ হওয়ার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এই অভিযানে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও বিমানবাহিনীও অংশ নেয়।
স্থানীয়দের অভিযোগ, ঘনবসতিপূর্ণ এলাকায় অনুমোদনহীন এই ফিলিং স্টেশনটি ছিল একটি ‘মরণফাঁদ’। বিস্ফোরণের পর এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটে যান। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অবৈধ এই পাম্প মালিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরাফাত সিকদার/রাজধানী