নোয়াখালীর কোম্পানীগঞ্জে ধানখেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল জলিল (৬২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল স্থানীয় ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন।
কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজনৈতিক নেতার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আব্দুল জলিল ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত আনার উল্যাহ মুন্সির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে নিজের ইরি ধানখেতে পানি দিতে যান আব্দুল জলিল। সেখানে সেচ পাম্প (মোটর) চালু করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে।