নিজস্ব প্রতিনিধি: সাভারে সাত মাসে ছয়জনকে নৃশংসভাবে হত্যাকারী কথিত ‘কিং সম্রাট’-এর আসল পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তার প্রকৃত নাম সবুজ শেখ (২৯), বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং এলাকায়। তারা তিন ভাই চার বোন। নিজেকে স্থানীয় কাউন্সিলরের নামে পরিচয় দিয়ে পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়ানো এই খুনি আসলে একজন ‘সাইকোপ্যাথ’।
মঙ্গলবার (২০ জানুয়ারি) পুলিশ জানায়, ভবঘুরে নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন এবং পরবর্তীতে তাদের ওপর অন্য কারও সংশ্লিষ্টতার সন্দেহে সে একের পর এক খুন করেছে।
ঢাকা জেলা পুলিশ জানায়, নিজেকে ‘মশিউর রহমান খান সম্রাট’ দাবি করা এই ব্যক্তির আসল পরিচয় সবুজ শেখ। সে সাভার মডেল থানার আশেপাশে ভবঘুরে সেজে বাস করত এবং পুলিশের কাছ থেকেই টাকা চেয়ে চলত। গত রবিবার (১৮ জানুয়ারি) পৌর কমিউনিটি সেন্টারে এক তরুণী ও এক যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজে তাকে শনাক্ত করা হয়। আদালতে দেওয়া জবানবন্দিতে সে মোট ছয়টি খুনের দায় স্বীকার করেছে।
তদন্তে বেরিয়ে এসেছে, সম্রাট ওরফে সবুজ মূলত বিকৃত রুচির অধিকারী। সে বিভিন্ন স্থান থেকে ভবঘুরে নারীদের নির্জন স্থানে নিয়ে আসত। সর্বশেষ ঘটনায় তানিয়া নামে এক তরুণীকে সে কমিউনিটি সেন্টারে আটকে রাখে। অন্য এক ভবঘুরে যুবক ওই তরুণীর সঙ্গে মেলামেশা করায় সম্রাট প্রথমে ওই যুবককে দোতলায় এবং পরে তরুণীকে নিচতলায় কুপিয়ে হত্যা করে। এর আগেও গত সাত মাসে সে একইভাবে আরও চারজনকে হত্যা করেছে। আদালত তাকে ১০ দিনের রিমান্ড আবেদন শেষে জেলহাজতে পাঠিয়েছেন।
মাসুদ মাহতাব/রাজধানী