খুলনা নগরীর পূর্ব বানিয়াখামারের কাস্টম গলি এলাকা থেকে মরিয়ম (৪০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে স্থানীয় একটি বাড়ির পাশে শিশু গাছের ডালের সাথে তাকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পিবিআই ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
নিহত মরিয়ম নিরালা আবাসিক এলাকার আনছার উদ্দিন শেখের মেয়ে এবং তিনি এক কন্যাসন্তানের জননী ছিলেন। স্থানীয়দের দাবি, কাস্টম গলির বাসিন্দা সুমনের ছোট ভাই বরাতের কাছে ওই নারী নিয়মিত আসা-যাওয়া করতেন।
আজ দুপুরে হঠাৎ তাকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মৃত নারীর মা পারুল বেগম জানান, বুধবার বিকেলে মরিয়ম নিরালা মোড়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন, এরপর আর ফেরেননি। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও পিবিআই কর্মকর্তারা আলামত সংগ্রহ করছেন; ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।