গাজীপুরের পূবাইলে দুই সন্তানকে সাথে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন হাফেজা খাতুন মালা (২৫) নামে এক গৃহবধূ।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে নয়নেপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে তিনি এই চরম পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের নয়নেপাড়া রেল ক্রসিং এলাকায় আজ সকালে এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, চলন্ত তিতাস কমিউটার ট্রেনের নিচে নিজের আট বছর বয়সী মেয়ে তাবাসসুম ও পাঁচ বছরের ছেলে মারুফকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন হাফেজা খাতুন মালা। এতে ঘটনাস্থলেই মা ও দুই সন্তানের মৃত্যু হয়।
নিহত হাফেজা খাতুন কালিয়াকৈর উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। তার শ্বশুরবাড়ি জয়দেবপুর থানার আতুরী এলাকায়।
পূবাইল রেল স্টেশন মাস্টার মুসা জানান, সকালে শ্বশুরবাড়িতে ঝগড়া হওয়ার পর মালা তার মেয়েকে স্কুল ইউনিফর্ম পরিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি ব্রাহ্মণবাড়িয়াগামী ওই ট্রেনের নিচে সন্তানদের নিয়ে ঝাঁপ দেন।
খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। পূবাইল থানার ওসি আতিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।