রাজধানীর গুলিস্তানে রাস্তার পাশ থেকে এক যুবকের বিচ্ছিন্ন দুটি হাত উদ্ধার করেছে পুলিশ। আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষার মাধ্যমে উদ্ধারকৃত হাত দুটি নরসিংদীর ওবায়দুল্লাহ (৩০) নামের এক যুবকের বলে শনাক্ত করা হয়েছে। তবে তার দেহের বাকি অংশের এখনো কোনো সন্ধান মেলেনি। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের ১ ও ৪ নম্বর গেটের মধ্যবর্তী রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় কাটা হাত দুটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পল্টন মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। প্রযুক্তির সহায়তায় পুলিশ দ্রুত জানতে পারে, এই হাত দুটি নরসিংদী জেলার বাসিন্দা ওবায়দুল্লাহর।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানিয়েছেন, মরদেহের বাকি অংশ উদ্ধারে পুলিশের একাধিক টিম চিরুনি অভিযান চালাচ্ছে। ওবায়দুল্লাহর হাত কীভাবে গুলিস্তানে এলো এবং কারা তাকে হত্যার পর অঙ্গচ্ছেদ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও ঘাতকদের ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে।