চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় এক অটোরিকশাচালককে প্রকাশ্য রাস্তায় লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাতে আমিন জুট মিল সংলগ্ন মিদ্যাপাড়ায় এই লোমহর্ষক ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দীর্ঘ সময় ধরে খোরশেদ আলম নামের ওই চালককে পেটানো হলেও উপস্থিত পথচারীদের কেউ তাকে উদ্ধারে এগিয়ে আসেননি।
নিহত খোরশেদ আলম পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন। পুলিশ জানায়, তুচ্ছ ঘটনা—সম্ভবত মুখের দুর্গন্ধ নিয়ে কথা-কাটাকাটির জেরে তিন ব্যক্তি তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। লাঠির আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লেও হামলাকারীরা তাঁকে নিস্তেজ না হওয়া পর্যন্ত মারধর করতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জনাকীর্ণ রাস্তা হওয়া সত্ত্বেও স্থানীয়রা কেবল দাঁড়িয়ে দৃশ্যটি দেখছিলেন, কেউ বাধা দেওয়ার সাহস করেননি।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মো. হোসেন নামে এক অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে এবং অন্য একজনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের সাথে নিহতের আগে থেকে কোনো শত্রুতা ছিল না বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।