রাজশাহীর তানোর উপজেলায় নলকূপের গভীর গর্তে পড়ে মারা যাওয়া দুই বছর বয়সী শিশু সাজিদকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানিয়েছে এলাকাবাসী।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের নেককিড়ি কবরস্থানের সামনের ফাঁকা মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। সাজিদের মর্মান্তিক মৃত্যুতে গ্রামের কাজকর্মে স্থবিরতা নেমে আসে এবং জানাজায় হাজারো মানুষের ঢল নামে।
এর আগে, শিশুটি বুধবার দুপুরে একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় এবং ৩২ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় তাকে উদ্ধার করা হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশু সাজিদের মৃত্যুর ঘোষণা আসার পর থেকেই পুরো কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। মসজিদের মাইকে বারবার ঘোষণার শব্দে গ্রামের স্বাভাবিক জীবনযাত্রা থেমে যায়। শোকাহত গ্রামবাসী গায়ে পাঞ্জাবি ও মাথায় টুপি পরে সাজিদের বাড়িতে ভিড় করে, শেষবারের মতো নিষ্পাপ মুখটি দেখতে চায় সবাই।
শুক্রবার সকালে জানাজার মাঠে হাজারো মানুষের সমাগম ঘটে। বৃদ্ধ থেকে শুরু করে স্কুলছাত্র, সকলের চোখেই ছিল জল। সাদা কাপড়ে মোড়ানো সাজিদের ছোট্ট মরদেহ যখন আনা হলো, তখন চারপাশে কান্নার রোল ওঠে। শিশুটির মা-বাবা বারবার আহাজারি করতে থাকেন এবং উপস্থিত লোকজন কোনোভাবেই তাদের কান্না থামাতে পারছিলেন না।
জানাজার নামাজ পড়ান কাজী মাওলানা মিজানুর রহমান। ইমাম সাহেব তাকবির দিয়ে দোয়া শুরু করলে হাজারো কণ্ঠে সাজিদের মাগফিরাত এবং তার পরিবারকে ধৈর্য ধরার জন্য দোয়া করা হয়। জানাজা শেষে সাজিদের ছোট্ট কফিনটি কবরের দিকে নিয়ে যাওয়ার সময় পুরো এলাকায় এক বিষাদের আবহ তৈরি হয়। এমন শোকাবহ দৃশ্য আগে কখনো দেখেনি গ্রামবাসী।
উল্লেখ্য, রাকিব উদ্দীনের দুই বছরের শিশুপুত্র সাজিদ গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা একটানা ৪০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর তাকে উদ্ধার করেন। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।