সিলেটের পুণ্যভূমি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে তিনি ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা মঞ্চে আসন গ্রহণ করেন। দীর্ঘ প্রায় দুই দশক পর প্রিয় নেতাকে সশরীরে মঞ্চে দেখে বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক।
সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে জনসভার মূল আকর্ষণ তারেক রহমান দুপুর ১২টার পর মঞ্চে উঠলে পুরো এলাকা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। মঞ্চে উঠে তিনি হাত নেড়ে উপস্থিত জনতাকে অভিবাদন জানান। এর আগে সকালে তিনি পাঁচতারকা হোটেল গ্র্যান্ড সিলেটে নবীন ভোটার ও তরুণ নেতাকর্মীদের সাথে ‘আগামীর বাংলাদেশ’ নিয়ে মতবিনিময় করেন।
বুধবার (২১ জানুয়ারি) রাতে সিলেটে পৌঁছে দুই মাজার জিয়ারত এবং দক্ষিণ সুরমায় শ্বশুরবাড়িতে সময় কাটানোর পর আজ এই জনসভাই তাঁর প্রথম রাজনৈতিক কর্মসূচি। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে আয়োজিত এই সমাবেশে তারেক রহমান দেশের মানুষের ভোটাধিকার এবং রাষ্ট্র সংস্কারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। সমাবেশ শেষে সড়কপথে ঢাকা ফেরার পথে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীতে আরও কয়েকটি পথসভায় বক্তব্য রাখবেন।