নির্বাচনের ঠিক আগে নেত্রকোণা সদর ও পূর্বধলা উপজেলায় চারটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে কেরোসিন ভেজানো চটের বস্তা ব্যবহার করে কেন্দ্রগুলোতে আগুন দেওয়ার এই ঘটনা ঘটে। তবে জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ভোটারদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
নেত্রকোণা জেলা পুলিশের তথ্যমতে, রাত ২টা থেকে ভোররাতের মধ্যে পরিকল্পিতভাবে এই নাশকতার চেষ্টা চালানো হয়। যে চারটি বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে সেগুলো হলো—সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নাশকতাকারীরা পেট্রোল বা কেরোসিন মিশ্রিত বস্তায় আগুন জ্বালিয়ে বিদ্যালয়ের কক্ষের ভেতর ছুড়ে মারে। সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সাইফুর রহমান এবং পুলিশ সুপার তরিকুল ইসলাম পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, "এটি ভোটারদের মধ্যে ভীতি ছড়ানোর একটি অপচেষ্টা মাত্র। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।" কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন, সেজন্য সব ধরনের আগাম প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।