নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বুধবার (২১ জানুয়ারি) সকালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে ‘ঈগল’ প্রতীক বুঝিয়ে দেওয়া হয়। এই আসনে নির্বাচনী ঐক্য ও সমঝোতার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতা অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া প্রার্থিতা প্রত্যাহার করে মঞ্জুকে সমর্থন জানানোয় নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এসেছে।
বুধবার সকালে রাজধানী ঢাকা থেকে ফেনীতে পৌঁছে সরাসরি অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়ার বাসভবনে যান মজিবুর রহমান মঞ্জু। সেখানে কুশল বিনিময় শেষে তারা একসঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মনিরা হক আনুষ্ঠানিকভাবে মঞ্জুর হাতে ‘ঈগল’ প্রতীক তুলে দেন।
প্রতীক গ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে আবেগঘন বক্তব্য রাখেন মজিবুর রহমান মঞ্জু। তিনি অধ্যাপক লিয়াকত আলীকে নিজের ‘রাজনৈতিক গুরু’ হিসেবে অভিহিত করে বলেন, “দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে লিয়াকত ভাই যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, ফেনীবাসী তা আজীবন শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনতার রায়ে তিনি জয়ী হবেন।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া স্পষ্ট জানান, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি মঞ্জুকে ‘নিজের প্রার্থী’ হিসেবে উল্লেখ করে জোটের সকল নেতা-কর্মীকে রাজপথে সক্রিয় হওয়ার নির্দেশ দেন।
প্রতীক বরাদ্দের পর মজিবুর রহমান মঞ্জু ১০ দলীয় জোটের নেতাদের সঙ্গে নিয়ে জুলাই অভ্যুত্থানের অন্যতম শহীদ শিহাবের কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, এবি পার্টির কেন্দ্রীয় নেতা শাহ আলম বাদল, এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিকসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ। গত ২৯ ডিসেম্বর ১০ দলের মনোনীত প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং আজকের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ফেনী-২ আসনে তাঁর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো।
আলাউদ্দিন সবুজ/রাজধানী