আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবি পার্টির চেয়ারম্যান ও ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন। এসময় তিনি জনগণের রায় মাথা পেতে নেওয়ার অঙ্গীকার করে গতানুগতিক রাজনীতির বাইরে নতুন বন্দোবস্তের আহ্বান জানান।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মজিবুর রহমান মঞ্জু ভিন্নধর্মী বক্তব্য প্রদান করেন। নিজেকে অন্যের চেয়ে যোগ্য দাবি করে ভোট চাওয়ার পরিবর্তে তিনি তার রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ছাত্রজীবন থেকে দীর্ঘ ৩৫ বছর রাজনীতি ও জেল-জুলুম সহ্য করলেও জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সনদ এখনো তার কাছে নেই। তিনি মূলত ফেনীর মানুষের কাছে সেই যোগ্যতার 'সার্টিফিকেট' এবং নতুন রাজনৈতিক ধারার পক্ষে বিচার চাইতে এসেছেন।
মঞ্জু ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেকেই নতুন রাজনৈতিক দলকে গুরুত্ব দিতে চায় না, ভোট নেই বলে অপমান করে। তাই এবার ফেনীর জনগণই ফয়সালা করবে মানুষ নতুন ধারার রাজনীতি চায় কি না।
ফেনীর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বড় বড় প্রতিশ্রুতির চেয়ে ফেনীকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলমুক্ত রাখা বেশি জরুরি। রাজনৈতিক দলগুলো যদি প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দেয় এবং পরমতসহিষ্ণুতা বজায় রাখে, তবেই ফেনী দেশের সবচেয়ে উন্নত ও স্মার্ট জেলায় পরিণত হবে। মনোনয়নপত্র সংগ্রহের সময় এবি পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।