সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিল পরিশোধ করতে না পারায় এক বৃদ্ধের মরদেহ প্রায় ১২ ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তির নাম আয়নাল বেপারী (৭০)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টায় তাঁর মৃত্যু হলেও বকেয়া ২৮ হাজার টাকার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করেনি বলে দাবি স্বজনদের। অবশেষে শনিবার সকালে স্থানীয় এক চিকিৎসকের হস্তক্ষেপে ১০ হাজার টাকা পরিশোধের পর মরদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
মানিকগঞ্জের হরিরামপুরের বাসিন্দা আয়নাল বেপারী স্ট্রোক করার পর তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিহতের ছেলে সজল বেপারী জানান, চিকিৎসার জন্য আগেই ৩৩ হাজার টাকা খরচ করার পর মৃত্যুর পর আরও ২৮ হাজার টাকা দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই টাকা তৎক্ষণাৎ দিতে না পারায় সারারাত মরদেহটি হাসপাতালের মর্গে পড়ে থাকে। সজল বেপারীর ভাষ্যমতে, অনেক অনুনয়-বিনয় করার পর শনিবার সকালে এক পরিচিত চিকিৎসকের মাধ্যমে বিল কমিয়ে ১০ হাজার টাকা দিয়ে তারা লাশ নিয়ে ফিরতে পারেন।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ আটকে রাখার বিষয়টি অস্বীকার করেছে। প্রতিষ্ঠানের পরিচালক সাইফুল ইসলামের দাবি, রোগী মারা গিয়েছিলেন রাত ১২টার দিকে, কিন্তু স্বজনরা রাতে মরদেহ নিতে না পারায় তা সকালেই হস্তান্তর করা হয়েছে। বিলের বিষয়ে তিনি জানান, একজন পরিচিত চিকিৎসকের সুপারিশে ছাড় দিয়ে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে মরদেহ নিয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।