আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলার রায়ে তিন আসামিকে কারাদণ্ড দিয়েছেন শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঘোষিত এই রায়ে দুই আসামিকে ২১ বছর এবং একজনকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। তবে আসামিদের ফাঁসির দাবি জানিয়ে আসা নিহতের স্বজন ও স্থানীয় জনতা এই লঘুদণ্ডে ক্ষুব্ধ হয়ে আদালত প্রাঙ্গণে ব্যাপক বিক্ষোভ ও হাঙ্গামা সৃষ্টি করেছে।
মঙ্গলবার দুপুরে রায় ঘোষণার পরপরই আদালত এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। রায়ে সন্তুষ্ট হতে না পেরে শিশু নিবিড়ের পরিবার, সহপাঠী ও বিক্ষুব্ধ জনতা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আসামিদের প্রিজন ভ্যানে তোলার সময় উত্তেজিত জনতা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ধাওয়া দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, নিবিড়কে নির্মমভাবে হত্যা করা হলেও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর এই রায় তাদের হতাশ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের কঠোর প্রহরায় আসামিদের সরিয়ে নেওয়া হলেও আদালত পাড়ায় দীর্ঘক্ষণ থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। উল্লেখ্য, এই হত্যাকাণ্ডটি শরীয়তপুরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং মামলার শুরু থেকেই খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী।
জুয়েল মিয়া/রাজধানী